গ্রাম আদালত সক্রিয় করতে পুরস্কার ঘোষণা
- আপডেট সময় ১২:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 13
গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে দেশের প্রতিটি জেলা থেকে ‘সেরা গ্রাম আদালত কার্যক্রম পরিচালনাকারী ইউনিয়ন পরিষদ’ ও ‘সেরা চেয়ারম্যান’ নির্বাচন করে পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি এবং ভালো কার্যক্রম পরিচালনাকারীদের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে। এতে স্বাক্ষর করেন বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান।
পরিপত্রে বলা হয়েছে, ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ’ প্রকল্পের আওতায় গ্রাম আদালতের কার্যক্রমে উৎসাহজনক অর্জন করা ইউনিয়ন পরিষদগুলোকে চিহ্নিত করে স্বীকৃতি ও পুরস্কার দেওয়া হবে। এর মাধ্যমে অন্যান্য ইউনিয়ন পরিষদও গ্রাম আদালতের কার্যক্রমে আরও সক্রিয় ও মানসম্মতভাবে অংশ নিতে উৎসাহিত হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
এ জন্য নিজ নিজ জেলার আওতাধীন ইউনিয়ন পরিষদগুলোর মধ্য থেকে নির্ধারিত বহুসূচক ও মানদণ্ডের ভিত্তিতে সেরা গ্রাম আদালত পরিচালনাকারী ইউনিয়ন পরিষদ ও সেরা চেয়ারম্যান নির্বাচন করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচিত ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যানকে স্থানীয় পর্যায়ে স্বীকৃতি ও পুরস্কার দিয়ে উৎসাহিত করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে গ্রাম আদালতে দায়ের হওয়া মোট মামলার সংখ্যা, নারী আবেদনকারীর সংখ্যা এবং মামলা নিষ্পত্তির হার বিবেচনা করা হবে। পাশাপাশি সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, ফি ও জরিমানা আদায়ে বিধিবিধান অনুসরণের সক্ষমতাও মূল্যায়ন করা হবে।
গ্রাম আদালত পরিচালনা ও ব্যবস্থাপনায় বিশেষ ফান্ড বা অনুদানের যথাযথ ব্যবহারও মূল্যায়নের আওতায় থাকবে। এ ছাড়া মামলা ও বিরোধ নিষ্পত্তি-সংক্রান্ত নথি সংরক্ষণ, লিখিত তথ্য সংরক্ষণ এবং গ্রাম আদালতের কার্যক্রম ব্যবস্থাপনায় দক্ষতাকেও গুরুত্ব দেওয়া হবে।
পরিপত্রে গ্রাম আদালতের কার্যক্রমে সহায়তাকারী ইউপি সচিব এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের মাসিক সম্মানী ও যাতায়াত ভাতা বৃদ্ধির প্রস্তাবের কথাও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব জেলা প্রশাসকের কাছে স্থানীয় সরকার বিভাগের পরিপত্রটি পাঠানো হয়েছে।
























