রাজধানীর ভাটারায় স্কুলবাসে আগুন
- আপডেট সময় ১০:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 17
রাজধানীর ভাটারা থানা এলাকায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় নতুনবাজারের ১০০ ফুট সড়কে ভাটারা থানার কিছুটা সামনে এ ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্কুলবাসটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। তবে কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরে চালক ও সহকারীর প্রচেষ্টায় বাসের আসনগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
এ ছাড়া রাত ১টার দিকে মহাখালী বাস টার্মিনালের পেছনে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
একই রাতে বনানী ও মহাখালীর সেতু ভবন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
























