তিন জেলার শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি
- আপডেট সময় ১২:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 18
চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে।
মাঠপর্যায়ে বিজিবির কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে সদর দপ্তরের মনিটরিং সেল। প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে লাইভ ফুটেজ দেখে পরিস্থিতি নজরদারি করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
শিল্পাঞ্চলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, জনসাধারণের জানমালের নিরাপত্তা এবং স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে বিজিবির মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

























