১২ দিনের মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ
- আপডেট সময় ০৪:৫৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 27
কিশোর মোতালেব হত্যা মামলায় দুই দফায় ১২ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের কাছ থেকে কাঙ্ক্ষিত তথ্য পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে পুলিশ। এ অবস্থায় তাঁকে তৃতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। এদিন দুই দফা রিমান্ড শেষে সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক সুজন হক তৃতীয় দফায় তাঁর রিমান্ড চেয়ে আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, ডিবি কার্যালয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলেও সাঈদ খোকন মামলার মূল রহস্য এড়িয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এজাহারনামীয় পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে অধিকাংশ ক্ষেত্রে তিনি নীরব থাকছেন।
আবেদনে আরও অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে ভূমিকা পালন করেছেন সাঈদ খোকন। পুলিশের দাবি, তাঁর নির্দেশনা ও পূর্বপরিকল্পনায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। তাঁর নির্দেশেই ধানমন্ডি ও আশপাশের এলাকায় ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হয় বলে আবেদনে দাবি করা হয়েছে।
পুলিশের আবেদনে আরও বলা হয়, সরকার পতনের পর আত্মগোপনে থেকেও তাঁর নেতৃত্বে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিল হয়েছে। পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে তাঁর এখনো যোগাযোগ রয়েছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছেন বলেও অভিযোগ করা হয়েছে।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, সাঈদ খোকনের দেওয়া তথ্য যাচাই, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার, ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করতে তাঁকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া তাঁর দেওয়া পরস্পরবিরোধী তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর প্রথম দফায় সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৪ নভেম্বর দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

























