এমপি নুসরাতের বাড়িতে আগুন, তদন্ত প্রতিবেদন জমা
- আপডেট সময় ০৯:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 18
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। এক দফা সময় বাড়ানোর পর বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ১৫ থেকে ২০ পৃষ্ঠার সিলগালা করা প্রতিবেদনটি ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিটির সদস্যরা বৈঠক করে প্রতিবেদন চূড়ান্ত করার পর তা সিলগালা অবস্থায় ঢাকায় পাঠিয়েছেন। তবে গোপনীয়তার স্বার্থে প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
চার সদস্যের এই তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
তদন্তের অংশ হিসেবে কমিটির সদস্যরা অগ্নিকাণ্ডের শিকার বাড়ির বাসিন্দা ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ করেন। পাশাপাশি ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতিও বিশ্লেষণ করেন তারা।
এর আগে গত ১১ নভেম্বর গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে।
এ ঘটনায় পরদিন দৌলতপুর থানায় হত্যাচেষ্টার মামলা করেন নুসরাত তাবাসসুম। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় আট নেতার নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে প্রাথমিকভাবে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময় দেওয়া হয়েছিল। পরে ১৬ নভেম্বর থেকে আরও সাত কার্যদিবস সময় বাড়ানো হয়। বর্ধিত সময়ের শেষ দিন ছিল মঙ্গলবার (২৪ নভেম্বর)। সেই সময়সীমার পর বুধবার মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয় কমিটি।

























