হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ, জামিন পেলেন রুমি
- আপডেট সময় ১০:৩৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 32
গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় হামলা, ভাঙচুর, শিক্ষককে মারধর ও অর্থ লুটের অভিযোগে দায়ের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন শিশুটির অভিভাবক শাহজালাল রুমি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
এর আগে গত ৩ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। সেই আদেশ মেনেই বৃহস্পতিবার তিনি নিম্ন আদালতে হাজির হন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার কারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এ নিয়ে শিশুটির পরিবারের অভিযোগের পর স্থানীয় এলাকায় উত্তেজনা দেখা দেয়।
এর ধারাবাহিকতায় ২১ অক্টোবর শিশুটির অভিভাবক শাহজালাল রুমি ও স্থানীয় কয়েকজন মাদ্রাসায় যান। সেখানে অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে নিজেদের হেফাজতে নেয়। পরে শিক্ষককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পৃথক মামলা হয়। শিশুটির পরিবারের পক্ষ থেকে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা হয়। অন্যদিকে, মাদ্রাসা কর্তৃপক্ষ হামলা, ভাঙচুর, শিক্ষক-কর্মচারীদের মারধর এবং ১৭ লাখ টাকা লুটের অভিযোগে শাহজালাল রুমিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
আদালত থেকে জামিন পাওয়ার পর শাহজালাল রুমি দাবি করেন, মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে ১৭ লাখ টাকা লুটের যে মামলা করেছে, তা মিথ্যা। বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার পর তিনি জামিন পেয়েছেন বলেও জানান।
























