আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন
- আপডেট সময় ১০:৫১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 17
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার (৯ নভেম্বর)। বিকেল ৪টা ২০ মিনিটে সংসদ ভবনে অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এতে তিনটি অধ্যাদেশ উত্থাপন করা হবে।
অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম নির্ধারণে রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকেই অধিবেশনে তিনটি অধ্যাদেশ উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত ১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছিল। পরবর্তী সময়ে ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেন।
এ অধিবেশনে উত্থাপনের জন্য নির্ধারিত অধ্যাদেশ তিনটি হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬। সংসদের তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর থেকে চতুর্থ অধিবেশন শুরুর আগের মধ্যবর্তী সময়ে এসব অধ্যাদেশ জারি করা হয়েছিল।
আজ বিকেলে শুরু হওয়া অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। এ সময় সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে।
এদিকে অধিবেশনকে সামনে রেখে সংসদে প্রশ্নোত্তর পর্বের জন্য উল্লেখযোগ্যসংখ্যক প্রশ্ন জমা পড়েছে। প্রধানমন্ত্রীকে উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা দিয়েছেন সংসদ সদস্যরা। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি।
এ ছাড়া সংসদে বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের জন্য ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ জমা পড়েছে।

























