মানুষ হত্যা চাইনা, ইরানের সঙ্গে আলোচনায় আশাবাদী ট্রাম্প
- আপডেট সময় ১০:৩০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 25
ইরানের সঙ্গে চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তাঁর লক্ষ্য মানুষ হত্যা বা ধ্বংসযজ্ঞ নয়; বরং আলোচনার মাধ্যমে সংকটের সমাধান খুঁজে বের করা।
লাস ভেগাসভিত্তিক টেলিভিশন চ্যানেল ফক্স৫-এর ‘ওয়ান-অন-ওয়ান’ অনুষ্ঠানে সাংবাদিক টম ডুরিয়ানের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
ট্রাম্প বলেন, ‘আমি শুনছি, তারা খুব ভালো করছে। আমি মানুষ হত্যা করতে বা সবকিছু পুরোপুরি ধ্বংস করে দিতে চাই না। আমরা সেদিকেই এগোচ্ছিলাম। কিন্তু তারা আলোচনায় বসতে চেয়েছে, আর আমরা সেটাই করছি। আমার কাছে মনে হচ্ছে, বিষয়টি বেশ ভালোভাবেই এগোচ্ছে।’
তিনি আরও দাবি করেন, যুদ্ধ চলমান থাকলেও কূটনৈতিক আলোচনা ইতিবাচক অগ্রগতি অর্জন করছে। তাঁর ভাষ্য, যুদ্ধ শুরুর পর ইরান যে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল, তা পুনরায় চালুর বিষয়ে শিগগিরই একটি সমঝোতায় পৌঁছানো যেতে পারে।
এদিকে, বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার বিষয়ে ট্রাম্পের আগের মন্তব্যের সমালোচনা করেছেন মানবাধিকার বিশেষজ্ঞরা। তাদের মতে, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের শামিল হতে পারে।
অন্যদিকে, তেহরান সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র এ ধরনের কোনো হামলা চালালে ইরানও এ অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা পদক্ষেপ নেবে।
১৯৪৯ সালের জেনেভা কনভেনশন অনুযায়ী, বেসামরিক মানুষের জন্য অপরিহার্য স্থাপনায় হামলা নিষিদ্ধ। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা হামলা চালায়। এরপর থেকে ইরান, ইসরায়েল ও লেবাননে চলমান হামলা-পাল্টা হামলায় হাজারো মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

























