চিঠির জবাবে সাক্ষাৎ, ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীকে হারমোনিয়াম উপহার প্রধানমন্ত্রীর
- আপডেট সময় ০৫:৩১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 26
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় সাফল্যের পর প্রধানমন্ত্রীর কাছে লেখা একটি চিঠিই বদলে দিল রংপুরের ক্ষুদে শিক্ষার্থী অনুশ্রী রায়ের জীবনের এক বিশেষ মুহূর্ত। সংগীতচর্চার জন্য চাওয়া হারমোনিয়াম হাতে তুলে দেওয়ার পাশাপাশি তার সঙ্গে সাক্ষাৎ করে ভবিষ্যতে নিয়মিত অনুশীলনের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাকে একটি হারমোনিয়াম উপহার দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে অনুশ্রী একজন কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি দেন। চিঠিতে তিনি সংগীতচর্চার জন্য একটি হারমোনিয়াম এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছার কথা জানান। পরে সেই চিঠি পড়ে অনুশ্রী ও তার পরিবারকে সাক্ষাতের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় দেশের গানে প্রথম এবং নজরুলসংগীতে তৃতীয় স্থান অর্জন করে অনুশ্রী।
সাক্ষাৎ শেষে অনুশ্রী জানায়, তার চিঠি প্রধানমন্ত্রী পড়বেন এবং দেখা করার জন্য ডাকবেন—এমনটি কখনো কল্পনাও করেনি। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে হারমোনিয়াম কেনা সম্ভব হয়নি বলেই তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী অনুশ্রীর সংগীতচর্চার খোঁজখবর নেন এবং ভবিষ্যতে নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে একটি হারমোনিয়াম উপহার হিসেবে তুলে দেন। এ সময় অনুশ্রী প্রধানমন্ত্রীকে একটি দেশাত্মবোধক গানও পরিবেশন করে।
অনুশ্রীর বাবা বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়া তাদের পরিবারের জন্য অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। মেয়ের সংগীতচর্চায় এই উৎসাহ ভবিষ্যতে তাকে আরও অনুপ্রাণিত করবে বলে তারা আশা করছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আরও জানান, একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রাজধানীর কুড়িল-বিশ্বরোড এলাকায় কর্মরত নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিব। সাক্ষাৎকালে তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণের দীর্ঘদিনের জনদাবির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

























