যুক্তরাষ্ট্রের বন্দুক হামলায় হামলাকারীসহ নিহত ৩
- আপডেট সময় ১০:১৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 26
নর্থ ক্যারোলাইনা, বৃহস্পতিবার (৬ আগস্ট): যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রসপেক্ট হিল এলাকায় বন্দুক হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় জড়িত সবাই একই পরিবারের সদস্য।
স্থানীয় সময় বুধবার (৫ আগস্ট) নর্থ ক্যারোলাইনা স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন (এসবিআই) এ তথ্য নিশ্চিত করেছে।
এসবিআই জানায়, স্থানীয় সময় সকাল ৮টার আগেই জরুরি ফোন পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে পাওয়া যায়। আহত একজনকে ডিউক ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলেই একাধিক ব্যক্তির মৃত্যু হয়। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ-এর তথ্য অনুযায়ী, স্থানীয় শেরিফ টনি ডারডেন বলেছেন, ঘটনায় জড়িত সবাই প্রাপ্তবয়স্ক এবং তারা একই পরিবারের সদস্য।
কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তকারীরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন। প্রাথমিকভাবে জননিরাপত্তার জন্য বর্তমানে কোনো হুমকি নেই বলেও জানিয়েছে তারা।
শেরিফ টনি ডারডেন বলেন, ঘটনার আগে ওই পরিবারের পক্ষ থেকে শেরিফের দপ্তরে কোনো ধরনের সহায়তার আবেদন বা অভিযোগ করা হয়নি। কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

























