সীমান্তে ভারতীয় মাদকসহ আটক ২, জব্দ মোটরসাইকেল
- আপডেট সময় ১০:১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 22
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদক ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার, ২৩ জুলাই তাদের ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে উপজেলার কাঠালডাঙ্গী বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৩০) এবং দক্ষিণ মারাধর গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. সানাউল্লাহ (২৯)।
বিজিবি জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৪০টি প্যারোপটিন ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদক ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১ লাখ ৩৮ হাজার ৯০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধীনস্থ কাঠালডাঙ্গী বিওপির সুবেদার মো. মহসিন আলীর নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৩৭১/২-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলডাঙ্গী নতুন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















