রিয়াদমুখী হুতিদের ড্রোন ধ্বংসের দাবি সৌদির
- আপডেট সময় ০৩:৩৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 22
সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটি ড্রোন আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এর আগে দেশটির কয়েকটি সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালানোর দাবি করেছিল হুতিরা।
সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়, হুতিদের উৎক্ষেপণ করা ড্রোনটি রিয়াদ অঞ্চলের দিকে যাচ্ছিল। পরে সেটি শনাক্ত করে আকাশেই ধ্বংস করা হয়।
এর আগে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের শারুরাহ বিমানবন্দর ও খামিস মুশাইত সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেন।
তাঁর দাবি, শারুরাহ বিমানবন্দরে থাকা একটি সামরিক কার্গো বিমান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। অন্যদিকে, খামিস মুশাইত সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। উভয় হামলাতেই লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার দাবি করেন তিনি।
এ ছাড়া রাজধানী রিয়াদে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনাতেও হামলার কথা জানান হুতি মুখপাত্র।
হুতিরা সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আরও দুটি হামলার দাবি করেছে। এর মধ্যে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের একটি পাম্পিং স্টেশন এবং ইয়ানবুর তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু করার কথা বলা হয়েছে।
তবে হুতিদের এসব হামলার দাবি নিয়ে সৌদি কর্তৃপক্ষের বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা























