গালিগালাজ আর গঠনমূলক সমালোচনা এক বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ০৪:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 44
নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সচেতন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নাগরিকের মতপ্রকাশ ও গঠনমূলক সমালোচনার অধিকার রয়েছে। তবে গঠনমূলক সমালোচনা আর রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহনন বা গালিগালাজ এক নয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
আইআরআই-এর রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টির নেতৃত্বে প্রতিনিধি দলটি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে সাইবার অপরাধ, অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে আইআরআই প্রতিনিধি জানান, তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীরা সাইবার বুলিং ও সংগঠিত অপপ্রচারের কারণে হয়রানি ও মানহানির শিকার হচ্ছেন। এ বিষয়ে সরকারি ও বিরোধী দলগুলোর জন্য সর্বসম্মত নীতি ও আইনগত সুরক্ষার প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিষয়ে গত দুই মাস ধরে আন্তর্জাতিক সম্প্রদায়, গণমাধ্যম, সিনিয়র সম্পাদক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত নেওয়া হচ্ছে।
ডিজিটাল মাধ্যমে শালীনতা ফিরিয়ে আনা, নারী ও তরুণদের সাইবার বুলিং থেকে সুরক্ষা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাই আইনের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, সহিংসতামুক্ত রাজনৈতিক পরিবেশ ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার স্থানীয় ও আন্তর্জাতিক অংশীজনদের ইতিবাচক পরামর্শ গ্রহণ করবে।




















