আনসার সদস্যদের দাঙ্গা নিয়ন্ত্রণ প্রশিক্ষণ দিল তুরস্কের বিশেষজ্ঞ দল
- আপডেট সময় ১১:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 25
দাঙ্গা পরিস্থিতি মোকাবিলা ও জনশৃঙ্খলা রক্ষায় দক্ষতা বাড়াতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১১৮ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর একটি বিশেষজ্ঞ দল। পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে দাঙ্গা নিয়ন্ত্রণ, জনশৃঙ্খলা বজায় রাখা এবং জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার বিভিন্ন কৌশল শেখানো হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বাহিনীর ইতিহাসে এবারই প্রথম তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল এ ধরনের প্রশিক্ষণ পরিচালনা করল। গত ১ নভেম্বর শুরু হওয়া এ আয়োজনে বিসিএস (আনসার) কর্মকর্তা, এসআরবি এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন। একই অনুষ্ঠানে ২৮ দিনব্যাপী উপজেলা/থানা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১ কোর্সেরও সমাপ্তি হয়। এ কোর্সে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং সেনাবাহিনীর প্রশিক্ষকরা প্রশিক্ষণ পরিচালনা করেন।
অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, তুরস্কের বিশেষজ্ঞ দলের মাধ্যমে প্রশিক্ষণ আয়োজন বাহিনীর কার্যক্রমে একটি নতুন অধ্যায় যুক্ত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান দেশের যেকোনো স্থানে জনশৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি বাহিনীর আধুনিক সরঞ্জাম সংযোজন ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধির উদ্যোগও চলমান রয়েছে।
প্রশিক্ষণে অর্জিত অভিজ্ঞতা নিজ নিজ দায়িত্ব পালনে কাজে লাগানোর পাশাপাশি সহকর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেল, তুরস্ক দূতাবাসের প্রতিনিধি, প্রশিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















