ফেসবুকে আপত্তিকর ভিডিও ভাইরাল: ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত
- আপডেট সময় ১১:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 19
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার জেরে ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার রুকন পদ স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় দলের মহানগর শাখার এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে ভাইরাল হওয়া ওই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা প্রযুক্তির অপব্যবহার করে বানোয়াটভাবে তৈরি করা হয়েছে দাবি করে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নেতা।
অভিযুক্ত নেতার নাম মো. শহীদুল্লাহ্ (৪৬)। তিনি ময়মনসিংহের নতুন বাজার থানা জামায়াতের রুকন এবং নগরের নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারীর দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ‘জেন-জেড ময়মনসিংহ’ নামের একটি ফেসবুক গ্রুপে কিছু ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। ক্যাপশনে দাবি করা হয়, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ওই জামায়াত নেতার অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী শহিদুল্লাহ কায়সারের সঙ্গে তাঁর নির্বাচনী প্রচারণার কয়েকটি ঘনিষ্ঠ ছবিও সেখানে যুক্ত করা হয়।
এ বিষয়ে থানায় দেওয়া অভিযোগে মো. শহীদুল্লাহ্ উল্লেখ করেন, তাঁকে ও তাঁর পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে কোনো কুচক্রী মহল তাঁর ও তাঁর স্ত্রীর ছবি প্রযুক্তির মাধ্যমে এডিট করে এই ভুয়া ভিডিও তৈরি করেছে।
অন্যদিকে, প্রথম আলোকে দেওয়া বক্তব্যে মো. শহীদুল্লাহ্ জানান, ভিডিওটি তাঁর স্ত্রীর সঙ্গেই ধারণ করা হয়েছিল। তবে এটি কীভাবে অনলাইনে ছড়িয়ে পড়ল, সে বিষয়ে তিনি অবগত নন। তাঁর মুঠোফোন হ্যাক করে শত্রুতা বশত কেউ এটি ফাঁদ পেতে ছড়িয়ে দিতে পারে বলে তাঁর ধারণা।
ময়মনসিংহ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ও মহানগর জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ কায়সার বলেন, “গণসংযোগের সময় সাধারণ কর্মীসহ বিভিন্ন এলাকার মানুষই আমাদের সঙ্গে থাকেন। ওই ব্যক্তিও হয়তো কোনো এক সময় প্রচারণায় অংশ নিয়েছিলেন। সেই পুরনো ছবি বা দৃশ্য ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে প্রভাবিত করতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান জানান, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে আলোচনা হয়েছে। ওই নেতার দাবি, মুঠোফোন খোয়া যাওয়া বা হ্যাক হওয়ার কারণে ভিডিওটি ফাঁস হয়ে থাকতে পারে। এ ঘটনায় তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে নৈতিক স্খলনের বিষয়টি গুরুত্ব দিয়ে আপাতত তাঁর রুকন পদ স্থগিত রাখা হয়েছে।”





















