সংসার সুখের করতে স্বামীকে কৃতজ্ঞতা জানানোর দিন আজ
- আপডেট সময় ১২:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / 13
ব্যস্তময় জীবনে দাম্পত্য সম্পর্ককে সতেজ ও আনন্দময় রাখতে একে অপরের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব অপরিসীম। যান্ত্রিক সময়ের ভিড়ে নিজেদের জন্য আলাদা মুহূর্ত বের করা কঠিন হলেও আজ শনিবার (১৮ এপ্রিল) স্বামীদের জন্য বরাদ্দ একটি বিশেষ দিন। প্রতি বছর এপ্রিল মাসের তৃতীয় শনিবার বিশ্বজুড়ে ‘হাজব্যান্ড অ্যাপ্রেসিয়েশন ডে’ বা ‘স্বামীকে প্রশংসা করার দিন’ হিসেবে পালন করা হয়। মূলত জীবনসঙ্গীর অবদানকে স্বীকার করা এবং সম্পর্কের রসায়নকে আরও মজবুত করতেই এই দিবসের প্রচলন।
যুক্তরাষ্ট্রের একটি জাতীয় দিবস হিসেবে এর যাত্রা শুরু হলেও বর্তমানে তা বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। কেবল একদিনের প্রশংসায় সম্পর্ক টিকে থাকে না সত্য, তবে বিশেষ এই দিনটি হতে পারে একে অপরের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশের নতুন এক উপলক্ষ। পারিবারিক শান্তি ও হাসিমুখে বেঁচে থাকার রসদ জোগাতে স্বামীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে দিনটি উদযাপন করা যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ঘরোয়াভাবেই অত্যন্ত সুন্দরভাবে এই দিবসটি পালন করা সম্ভব। এজন্য দামী উপহারের চেয়ে সঙ্গীর কোনো বিশেষ গুণের প্রশংসা বা ছোট কোনো কৃতজ্ঞতা বার্তাই যথেষ্ট হতে পারে। এছাড়া জীবনসঙ্গীর পছন্দের কোনো খাবার রান্না করা কিংবা বিকেলের অবসরে কোথাও ঘুরতে যাওয়ার মাধ্যমেও দিনটিকে স্মরণীয় করে রাখা যায়। অনেক ক্ষেত্রে ঘরের টুকটাক কাজ বা বাইরের ব্যস্ততা থেকে স্বামীকে এক দিনের জন্য ‘ছুটি’ দেওয়া বা তাকে প্রিয় কোনো শখ পূরণের সুযোগ দেওয়া হতে পারে একটি দারুণ সারপ্রাইজ।
সম্পর্কের একঘেয়েমি কাটাতে আজকের দিনে পুরোনো স্মৃতিগুলো রোমন্থন করা কিংবা সঙ্গীর মানসিক শক্তির প্রশংসা করা বিশেষ ভূমিকা রাখে। ব্যস্ততার অজুহাতে যারা নিজেদের জন্য সময় পান না, তারা অন্তত আজকের দিনে কিছুটা সময় একান্তভাবে কাটাতে পারেন। ছোট একটি চিরকুট বা সামান্য উপহারও অনেক সময় বড় কোনো প্রাপ্তির চেয়ে বেশি আনন্দ দেয়।
দাম্পত্য বিশেষজ্ঞগণ মনে করেন, বছরের প্রতিটি দিনই একে অপরের পরিপূরক ও প্রশংসার দাবিদার। তবুও আজকের মতো বিশেষ দিবসগুলো সম্পর্কের গভীরতা বাড়াতে এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধকে আরও দৃঢ় করতে একটি সুন্দর মাধ্যম হিসেবে কাজ করে।
























