হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ০৭:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 43
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের সত্যতা এখনো যাচাই করতে পারেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আবেদনটির আইনগত ভিত্তি এবং শেখ হাসিনার আবেদন করার অধিকার রয়েছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে। একই সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং টেলিভিশনের স্ক্রলেও দেখেছেন। তবে আবেদন করার বিষয়টি এখনো যাচাই করতে পারেননি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদনটি আইনগতভাবে গ্রহণযোগ্য কি না, যথাযথ প্রক্রিয়ায় করা হয়েছে কি না এবং আবেদন করার অধিকার সংশ্লিষ্ট ব্যক্তির রয়েছে কি না, তা পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও এনআইডি আইন বিবেচনায় নেওয়া হবে। পর্যালোচনা শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে বক্তব্য দেবে।
শেখ হাসিনার আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও জানান তিনি।
ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয়ে রয়েছেন, সেই দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে আইন অনুযায়ী তাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রাথমিকভাবে এ মুহূর্তে আমি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়ে আছেন, সেই দেশের কাছে আমরা প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, তাকে যাতে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।”
এদিকে ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে তার আইনজীবীরা এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
শেখ হাসিনার আইনজীবীদের পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য এটিই তার প্রথম আনুষ্ঠানিক আবেদন।






















