ওমান উপসাগরে কার্গো জাহাজে আগুন, ২২ ক্রুকে উদ্ধার
- আপডেট সময় ১১:৩৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 19
ওমান উপসাগরে আগুনে আক্রান্ত একটি কার্গো জাহাজ থেকে ২২ জন ক্রুকে উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল গার্ড। রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় বাহিনীটি।
বিবৃতিতে বলা হয়, জাহাজের ক্রুদের কাছ থেকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ন্যাশনাল গার্ডের বিশেষায়িত দল জাহাজটির অবস্থান শনাক্ত করে। পরে সেখানে অভিযান চালিয়ে থাকা ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাই আরবীয় বলে জানিয়েছে সংস্থাটি।
ন্যাশনাল গার্ড আরও জানায়, উদ্ধারকৃতদের শারীরিক অবস্থা ভালো রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে জাহাজটিতে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
আমিরাতের এ ঘোষণার আগে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করে, হরমুজ প্রণালিতে দুটি জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে জাহাজ দুটিতে আগুন ধরে যায়।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, জাহাজ দুটি নির্ধারিত ও অনুমোদিত নৌপথের বাইরে দিয়ে চলাচলের চেষ্টা করছিল। এ সময় সেগুলোর নেভিগেশন ব্যবস্থাও বন্ধ ছিল। দুটি জাহাজের একটি হরমুজ প্রণালির পূর্বদিকে এবং অন্যটি প্রণালির ভেতরে মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেছে বাহিনীটি।
গত প্রায় দুই সপ্তাহ ধরে হরমুজ প্রণালিতে বিভিন্ন জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য দিয়ে আসছে আইআরজিসি। তবে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় আরব দেশগুলোর অভিযোগ, ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে জাহাজগুলোতে হামলা চালাচ্ছে।
সূত্র: আলজাজিরা





















