টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট মেসির
- আপডেট সময় ১০:১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 13
টানা দ্বিতীয় মৌসুমে মেজর লিগ সকারের (এমএলএস) গোল্ডেন বুট জিতেছেন ইন্টার মিয়ামির লিওনেল মেসি। এর মাধ্যমে প্রথম ফুটবলার হিসেবে টানা দুবার এই পুরস্কার জেতার রেকর্ড গড়লেন তিনি।
আর্জেন্টাইন কিংবদন্তি ২০২৬ মৌসুম শেষ করেছেন ২৬ গোল নিয়ে। শেষ ম্যাচের দিনে শার্লট এফসির বিপক্ষে ৩-৩ ড্রয়ে তিনি গোল পাননি। তবে দুটি গোলে তাঁর প্রত্যক্ষ অবদান ছিল। ঘরের মাঠে সেদিন মিয়ামি ৩-০ গোলে এগিয়ে ছিল, কিন্তু শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি ডালাসের পেতার মুসা করেছেন ২২ গোল। ন্যাশভিল এসসির স্যাম সারিজের গোল ২১টি।
গত মৌসুমে মেসির ২৯ গোল ছিল এমএলএসের এক মৌসুমের চতুর্থ সর্বোচ্চ। এবার সেই সংখ্যা ছুঁতে না পারলেও গোল্ডেন বুটের এই জয় বলছে, তিনি লিগের সবচেয়ে ধারাবাহিক গোলদাতা।
মিয়ামির আক্রমণভাগে মেসির অবদান ছিল সবচেয়ে বেশি। লিগে সর্বোচ্চ ৮০ গোল করেছে দলটি, যার প্রায় এক-তৃতীয়াংশই এসেছে মেসির পা থেকে। অ্যাসিস্ট যোগ করলে তাঁর অবদান অর্ধেকেরও বেশি। ২৬ গোলের পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেছেন তিনি। অর্থাৎ দলের ৮০ গোলের ৪৩টিতেই সরাসরি অবদান ছিল তাঁর।

























