উদ্বোধনের আগেই আগুনে পুড়ে ছাই কালীপূজার মণ্ডপ
- আপডেট সময় ০১:০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 19
উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কালীপূজার জন্য তৈরি বিশাল মণ্ডপ। শনিবার (৭ নভেম্বর) দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার যশোড়াকালি বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ মণ্ডপে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো প্যান্ডেলে ছড়িয়ে যায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে মণ্ডপটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এ বছর যশোড়াকালি বাজারের পূজা ৫৯তম বছরে পদার্পণ করেছে। পূজা উপলক্ষে তালপাতা, পুরুলের জালি, নিম কাঠ ও কাঠের গুঁড়ো দিয়ে সাজানো হয়েছিল মণ্ডপটি। এসব দাহ্য উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
আগুন লাগার সময় মণ্ডপের ভেতরে পূজা কমিটির কয়েকজন কর্মী ও সদস্য ছিলেন। আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মণ্ডপ পুড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন আয়োজকেরা। তবে এ বিপর্যয়ের মধ্যেও পূজা বন্ধ না করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পূজা কমিটির এক সদস্য জানিয়েছেন, প্রয়োজনে ছোট পরিসরে হলেও নিয়ম মেনে পূজার আয়োজন করা হবে।





















