ইমরান খানকে আদালতে হাজিরের নির্দেশ
- আপডেট সময় ০৬:০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 16
ইসলামাবাদে জুডিশিয়াল কমপ্লেক্সে হামলার মামলায় কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে পরবর্তী শুনানিতে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক। সরাসরি হাজির করা সম্ভব না হলে ভিডিও লিংকের মাধ্যমে তাকে শুনানিতে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ইসলামাবাদে অনুষ্ঠিত শুনানিতে বিচারক তাহির আব্বাস সিপ্রা এ আদেশ দেন।
২০২৩ সালে একটি মামলায় জামিন নিতে ইমরান খান ইসলামাবাদের জুডিশিয়াল কমপ্লেক্সে গেলে তার সমর্থকেরা সেখানে ব্যাপক হট্টগোল করেন। তারা নিরাপত্তা গেট ভেঙে কমপ্লেক্সের ভেতরে প্রবেশের পাশাপাশি ভাঙচুর চালান। ওই ঘটনার পর পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে।
২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন পিটিআইয়ের এই নেতা।
সোমবারের শুনানিতে আদালত নির্দেশ দেন, আগামী শুনানিতে ইমরান খানকে হয় সরাসরি আদালতে হাজির করতে হবে, অথবা ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত করতে হবে।
এ ছাড়া মামলায় হাজির না হওয়ায় ফারুক হাবিব, হাম্মাদ আজহার, মুরাদ সাঈদ ও শিবলি ফারাজকে পলাতক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তাদের সম্পত্তির বিবরণ জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
পাঞ্জাব বিধানসভার সাবেক স্পিকার ওয়াসিক কাইয়ুম আব্বাসী ও নেতা হাসান নিয়াজির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
মামলাটির পরবর্তী শুনানি আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সূত্র: জিও নিউজ























