৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল
- আপডেট সময় ১০:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 20
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের একগুচ্ছ চুল নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। ২০০ বছরেরও বেশি সময় ধরে একটি ফ্রেমে সংরক্ষিত ছিল ঐতিহাসিক এই স্মারকটি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্লভ এই স্মারকটি ওয়াশিংটনের ঘনিষ্ঠ বন্ধু জন গ্যাডসবির ব্যক্তিগত সংগ্রহে ছিল। ১৭৯৯ সালে মৃত্যুর কিছুদিন আগে জর্জ ওয়াশিংটন গ্যাডসবির বাড়িতে অবস্থান করেছিলেন। গ্যাডসবি পরিবারের দাবি অনুযায়ী, বন্ধুত্বের নিদর্শন হিসেবে ওয়াশিংটন নিজেই তাঁকে নিজের একগুচ্ছ চুল উপহার দিয়েছিলেন। পরে সেটি হাতবদল হয়ে এক সংগ্রাহকের কাছে পৌঁছায়। তবে সাম্প্রতিক এই নিলামে কে চুলগুলো কিনেছেন, তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি।
১৮ ও ১৯ শতকে যুক্তরাষ্ট্রের বিত্তশালী পরিবারগুলোতে প্রিয়জনের স্মৃতি ধরে রাখতে তাঁদের চুল সংরক্ষণ করার প্রচলন ছিল। তৎকালীন রীতি অনুযায়ী জর্জ ওয়াশিংটনও বিশেষ ঘনিষ্ঠতা ও সৌজন্যের নিদর্শন হিসেবে পরিচিতদের মধ্যে নিজের চুল উপহার দিতেন।
তবে ওয়াশিংটনের চুলের স্মারক নিলামে ওঠার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও এর চেয়ে অনেক বেশি দামে তাঁর চুল বিক্রি হয়েছে। ২০২১ সালে জর্জ ওয়াশিংটনের তিনগুচ্ছ চুল রাখা একটি লকেট নিলামে প্রায় ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।

























