শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
- আপডেট সময় ০৩:৩৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 12
শেরপুরের নকলায় রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজিলা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর প্রাণহানি ঘটেছে। রোববার (২২ নভেম্বর) বিকেলে নকলা পৌরসভার কায়দা মহল্লায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফজিলা আক্তার ওই মহল্লার বাসিন্দা নূর ইসলামের স্ত্রী। পরিবারের লোকজন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে রাইস কুকারে খাবার তৈরি করছিলেন ফজিলা। রান্নার একপর্যায়ে স্টিলের চামচ দিয়ে নাড়াচাড়া করার সময় বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে তিনি শক খান। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি রান্নাঘরের মেঝেতে লুটিয়ে পড়েন এবং সংযোগযুক্ত রাইস কুকারটিও তাঁর গায়ের ওপর ছিটকে পড়ে। এতে তাঁর মাথার কিছু অংশ দগ্ধ হয় এবং তিনি অচেতন হয়ে পড়েন।
পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। দ্রুত তাঁকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।
এ দুর্ঘটনার বিষয়টি নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপও নিশ্চিত করেছেন।






















