দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
- আপডেট সময় ১১:৪১:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 14
দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে ভিয়ারিয়ালকে ৩-২ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।
রোববার (২২ নভেম্বর) লা লিগার ম্যাচটি অনুষ্ঠিত হয় স্পটিফাই ক্যাম্প ন্যুতে। নিজেদের মাঠে শুরুতেই বড় ধাক্কা খায় বার্সেলোনা। ম্যাচের পঞ্চম মিনিটে তাজন বুকাননের গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। দুই মিনিট পর তানি ওলুসেইয়ের গোলে ব্যবধান ২-০ করে সফরকারীরা।
প্রথমার্ধেই ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছিল বার্সেলোনা। তবে ২৩ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লামিনে ইয়ামাল।
বিরতির পর অবশ্য সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যায় কাতালানদের। ৫৭ মিনিটে পেদ্রির ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান জেরার্দ মার্তিন। চার মিনিট পর ইয়ামালের পাস কাজে লাগিয়ে বার্সেলোনাকে সমতায় ফেরান ফেরমিন লোপেজ।
এরপর ৬৭ মিনিটে আবারও গোলের উৎস হয়ে ওঠেন ইয়ামাল। তাঁর ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান ভিয়ারিয়ালের পাউ নাভারো। তাতেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় স্বাগতিকেরা।
ম্যাচের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাভারো। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই জয়ে ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
























