ভারতে বিষাক্ত মদ পান করে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জনের বেশি
- আপডেট সময় ০৪:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 28
ভারতের মণিপুরে ভেজাল মদ পান করে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জনের বেশি। আক্রান্তদের অনেকের শরীরে বিষাক্ত রাসায়নিক মিথানলজনিত বিষক্রিয়ার লক্ষণ দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
রাজ্যের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখতে গিয়ে তিনি ঘটনার তদন্তের নির্দেশ দেন।
আক্রান্তদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধসহ একটি মেডিকেল দল পাঠিয়েছে রাজ্য সরকার। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ভারতে অবৈধ ও ভেজাল মদ পান করে মৃত্যুর ঘটনা নতুন নয়। নিয়ন্ত্রণহীনভাবে বিক্রি হওয়া এসব মদে কখনো কখনো মিথানল মেশানো থাকে। এটি অত্যন্ত বিষাক্ত রাসায়নিক। শরীরে মিথানল প্রবেশ করলে অন্ধত্ব, যকৃতের ক্ষতি এমনকি মৃত্যুও হতে পারে।
সূত্র: রয়টার্স, এএফপি
























