আজ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক
- আপডেট সময় ০৯:৩৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 16
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দলটির তিনজন গুরুত্বপূর্ণ নেতা অংশ নেবেন বলে জানিয়েছে এনসিপি।
বৈঠকে অংশ নেবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হতে যাচ্ছে।
এনসিপি জানিয়েছে, বৈঠকে সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচটি বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। প্রথমত, সংবিধান সংশোধনের পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে আলোচনা করবে দলটি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবিও জানানো হবে প্রধানমন্ত্রীর কাছে।
দ্বিতীয়ত, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। তৃতীয়ত, এনসিপির নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীদের পেশিশক্তির ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়টি সংলাপে তোলা হবে বলে জানিয়েছে দলটি।
চতুর্থত, জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেবে এনসিপি। পঞ্চমত, গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করার বিষয়টি বৈঠকে উত্থাপন করা হবে। আহতদের প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার বিষয়টিও আলোচনায় থাকবে।
কয়েক দিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণসহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি এই গোষ্ঠীকে প্রতিহত করার আহ্বান জানান। এ জন্য ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বানও জানান তিনি।
























