আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বৃদ্ধি করতে হবে: রাষ্ট্রপতি
- আপডেট সময় ০৫:২১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 25
দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষার মান আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশ ও বিদেশের কর্মসংস্থানের উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদেরও পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে আসন্ন সমাবর্তনে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
রাষ্ট্রপতি আরও বলেন, বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মক্ষেত্রের উপযোগী নয়—এমন শিক্ষা ব্যবস্থা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ট্রেজারার উপস্থিত ছিলেন।

























