রাজধানীর বাজারে শীতের আগাম সবজির সরবরাহ, কমেছে দাম
- আপডেট সময় ১২:২০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 29
রাজধানীর কাঁচাবাজারগুলোতে শীতকালীন আগাম সবজির সরবরাহ শুরু হওয়ায় দাম কমতে শুরু করেছে। সবজির পাশাপাশি ব্রয়লার মুরগি ও ডিমের দামও কিছুটা নিম্নমুখী, তবে মাছের বাজার এখনো আগের মতোই চড়া রয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকার বিভিন্ন বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সাথে কথা বলে বাজারদরের এই চিত্র পাওয়া গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত সপ্তাহে যে ফুলকপি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়েছিল, তা এখন ৪০ থেকে ৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। নতুন আলুর দাম কেজিতে ৩০ টাকা কমে ১৫০ টাকা থেকে ১২০ টাকায় নেমেছে, আর পুরোনো আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। এছাড়া কাঁচা মরিচের দাম কেজিতে ৪০ টাকা কমে এখন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে টমেটো ১২০ থেকে ১৩০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে এবং অন্যান্য সবজির দামও স্থিতিশীল রয়েছে।
সবজি বিক্রেতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শীতের নতুন সবজি ঢাকায় আসতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। আগামী কয়েক দিনের মধ্যে আমদানি আরও বাড়লে সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে বলে তাঁরা আশা করছেন।
সবজির পাশাপাশি স্বস্তি ফিরেছে মুরগি ও ডিমের বাজারেও। গত কয়েক মাস ধরে ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ব্রয়লার মুরগি এখন বাজারভেদে ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লেয়ার মুরগি পাওয়া যাচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা কেজিতে। অন্যদিকে, ফার্মের মুরগির বাদামি ডিমের দাম ডজনে ১০ টাকা কমে ১৫০ টাকায় দাঁড়িয়েছে।
তবে ভিন্ন চিত্র দেখা গেছে মাছের বাজারে। গত সপ্তাহের মতোই উচ্চমূল্যে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। আকারভেদে রুই মাছ কেজিপ্রতি ২৫০ থেকে ৩৫০ টাকা এবং তেলাপিয়া ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পাবদা মাছ ৪০০ থেকে ৫০০ টাকা এবং চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
























