গ্রামমুখী হতে তরুণ চিকিৎসকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
- আপডেট সময় ০২:২৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 14
জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, চিকিৎসাশাস্ত্রে দেশের মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করছেন এবং এ খাতে সরকারের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন আনা প্রয়োজন। এজন্য স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্টদের চিন্তাভাবনা ও মানসিকতার পরিবর্তন জরুরি। দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন। এ খাতে সরকারের যথেষ্ট বিনিয়োগও রয়েছে। কিন্তু সাধারণ মানুষ সেই বিনিয়োগের প্রত্যাশিত সুফল পাচ্ছে না।
তিনি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জটিলতা তৈরি হয়েছে যে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে দাঁতের চিকিৎসার খরচ অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষের পক্ষে তা বহন করা সম্ভব হচ্ছে না।
সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অধিকাংশ সরকারি হাসপাতালে প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ের অনেক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্তসংখ্যক সরকারি চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে চিকিৎসাসেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, অনেক তরুণ চিকিৎসক পড়াশোনা শেষ করার পর গ্রামে যেতে চান না। কেউ কেউ গ্রামে গেলেও কিছুদিন পর প্রশিক্ষণ কিংবা অন্য কোনো কাজে চলে যান। এ ধরনের মানসিকতার পরিবর্তন প্রয়োজন।
স্বাস্থ্য খাতের বিভিন্ন অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে বিদ্যমান পরিস্থিতির পরিবর্তন করা কঠিন নয়।
এ সময় পেশাজীবীদের সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ করা উচিত নয়। এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে বিদ্যমান সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পেশাজীবী সংগঠনগুলোর সবকিছু পরিবর্তিত হয়ে যাওয়ার প্রবণতাও বন্ধ হওয়া প্রয়োজন।
রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। এই ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশে সার্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
আন্তর্জাতিক সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে। পাশাপাশি দেশের ডেন্টাল সার্জনদের সহায়তা এবং ডেন্টাল স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি সংগঠনটির স্যুভেনির উন্মোচন করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন।
বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ডা. মো. আলমগীর কবির। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।






















