ঢাকায় চার বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ছয় স্থানে
- আপডেট সময় ০২:৫৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 25
রাজধানীর পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরা এলাকায় চারটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একই সময়ে রাজধানীর ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে পার্কিং করে রাখা মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।
রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে যাচ্ছিল। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এরপর রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশের ভাষ্য অনুযায়ী, যাত্রীবেশে দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজের আগে রাইদা পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। বাসে যাত্রী থাকলেও তাঁরা নিরাপদে বেরিয়ে আসেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
ছয় স্থানে ককটেল বিস্ফোরণ
বাসে অগ্নিসংযোগের পাশাপাশি রাজধানীর মোহাম্মদপুর, আসাদগেট, তেজগাঁও, বছিলা, শ্যামলী ও যাত্রাবাড়ী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়-সংলগ্ন সড়ক, বছিলা এসআরবি-২ কার্যালয় ও রেসিডেনশিয়াল মডেল কলেজের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ছাড়া যাত্রাবাড়ীর সামাদ সুপারমার্কেটের সামনে হানিফ ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। সেগুলো বিস্ফোরিত হলেও কেউ হতাহত হননি।
পুলিশ জানায়, এসব ঘটনায় মোহাম্মদপুর এলাকা থেকে মোট তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর পর্যন্ত আগের ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ৩৩টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন কর্মসূচিকে ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।
























