বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ, আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি
- আপডেট সময় ০১:৫০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 29
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সীমান্তের ১২৬৩/১ এস পিলার এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বিএসএফ সদস্যকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্য বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাকে আটক করে নিজেদের হেফাজতে নেন।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অস্ত্রসহ এক বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর সন্ধ্যা ৭টার দিকে ১২৬৩/১ এস পিলার এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বিএসএফ সদস্যকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।





















