শিরোনাম :
বগুড়ায় ডোবার পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৯:১৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 24
বগুড়ার ধুনটে ডোবার পানিতে ডুবে জুনায়েদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ওই গ্রামের নাঈম ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে বাড়ির বাইরে খেলতে যায় শিশু জুনায়েদ। একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায় সে।
কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ডোবার পানিতে জুনায়েদকে ভাসতে দেখেন স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে।























