উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শূন্য পদ পূরণে নতুন চিকিৎসক নিয়োগ শুরু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- আপডেট সময় ০৯:২৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 27
সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিকিৎসক সংকট নিরসনে চার হাজারের বেশি নতুন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, শূন্য পদগুলো দ্রুত পূরণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
শাম্মী আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের পদ শূন্য থাকা এবং পদায়নের পরই ডেপুটেশনে শহরে চলে আসার বিষয়টি তুলে ধরেন। তিনি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বদলি বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হবে কি না, তা-ও জানতে চান।
জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ছয় হাজার ৭৪৮টি পদে চিকিৎসক কর্মরত আছেন এবং ছয় হাজার ২৮৮টি পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদ পূরণে ইতিমধ্যে চার হাজারের বেশি চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
তিনি বলেন, নবনিযুক্ত চিকিৎসকদের বাধ্যতামূলকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে পদায়ন করা হয়। চাকরির মেয়াদ দুই বছর পূর্ণ হওয়ার আগে কোনো চিকিৎসককে বদলি বা ডেপুটেশনে পদায়ন করা হয় না। সরকারি বিধিমালা অনুযায়ী দুই বছর পূর্ণ হওয়ার পরই কেবল চিকিৎসকেরা উচ্চশিক্ষার জন্য ডেপুটেশন বা শিক্ষাছুটিতে যান।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নতুন এই নিয়োগ সম্পন্ন হলে তৃণমূল পর্যায়ে চিকিৎসকের শূন্য পদের সংকট অনেকাংশে কেটে যাবে।




















