স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রতিবাদে মধ্যরাতে মহাসড়ক অবরোধ
- আপডেট সময় ০২:৪৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 40
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান হত্যার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের বাইপাস এলাকায় তাঁরা এ কর্মসূচি পালন করেন।
অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ঢাকা থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। মধ্যরাতে হঠাৎ এ অবরোধের কারণে দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মাসুম জানান, নিহত সুরুজ্জামান ময়মনসিংহ মহানগরের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির কাছের মধ্য বাড়েরা মুজিব মার্কেটে জুতা কিনতে যান তিনি। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে আগে থেকে অপেক্ষায় থাকা কয়েকজন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। একপর্যায়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুরুজ্জামানের বড় ভাই এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক নোমান দাবি করেন, বালু ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীপন্থী কয়েকজনের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তাঁর ধারণা।
এদিকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে অবরোধ চালিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।























