নেত্রকোনায় আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার
- আপডেট সময় ০২:৫১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 21
নেত্রকোনার সাতটি থানায় পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে করা পৃথক মামলায় গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলার বিভিন্ন উপজেলায় পরিচালিত এসব অভিযানে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছেন নেত্রকোনা মডেল থানা এলাকার বাসিন্দারা।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, সদর উপজেলায় আওয়ামী লীগের উপজেলা সহসভাপতি, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে দুর্গাপুরে পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন তিনজন। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক রয়েছেন।
এ ছাড়া নাশকতার মামলায় পূর্বধলা থানা এলাকা থেকে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। কলমাকান্দা থেকে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা এবং মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক যুগ্ম আহ্বায়ককেও গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।
অন্যদিকে বারহাট্টা থেকে ওয়ার্ড আওয়ামী লীগের এক সাধারণ সম্পাদক এবং আটপাড়া থেকে ওয়ার্ড আওয়ামী লীগের এক সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
বারহাট্টা থানার ওসি চম্পক দাম এবং আটপাড়া থানার ওসি মো. জোবায়দুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
























