সৌদি আরবে এক সপ্তাহে গ্রেফতার ১৪ হাজারের বেশি অবৈধ বাসিন্দা!
- আপডেট সময় ১১:৫৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 21
সৌদি আরবজুড়ে আবাসন, শ্রম ও সীমান্ত সংক্রান্ত আইন অমান্যকারীদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। এক সপ্তাহের এই অভিযানে মোট ১৪ হাজার ২৬০ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান বলছে, ১৩ থেকে ১৯ আগস্ট সময়কালে পরিচালিত এই অভিযানে আটকদের মধ্যে ৬ হাজার ৯০০ জন বসবাস-সংক্রান্ত বিধি ভঙ্গের অভিযোগে, ৩ হাজার ৯৮২ জন সীমান্ত সুরক্ষা নিয়ম অমান্যের কারণে এবং ৩ হাজার ৩৭৮ জন কর্মসংস্থান আইন লঙ্ঘনের দায়ে ধরা পড়েন।
একই সময়ে অবৈধ পথে সৌদি সীমান্তে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৫২৪ জনকে আটকানো হয়। এই দলের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৩৬ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের বাসিন্দা। পাশাপাশি, নিয়মবহির্ভূতভাবে দেশ ত্যাগের চেষ্টা করার সময় আরও ৩৮ জনকে গ্রেফতার করা হয়।
আইন ভঙ্গকারীদের সহায়তা করা—যেমন তাদের আশ্রয় দেওয়া, স্থানান্তরে সহযোগিতা করা, কর্মে নিয়োগ দেওয়া বা লুকিয়ে রাখার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আলাদাভাবে ২৪ জনকে আটক করেছে কর্তৃপক্ষ।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বর্তমানে মোট ৩১ হাজার ৯২২ জন আইনি প্রক্রিয়া মোকাবিলা করছেন, যাদের মধ্যে পুরুষের সংখ্যা ২৯ হাজার ৯৬১ এবং নারী ১ হাজার ৯৬১ জন। ইতিমধ্যে ১৩ হাজার ৭২৪ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে।
সতর্কবার্তায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি সীমান্ত আইন লঙ্ঘনকারীদের দেশে ঢুকতে সহায়তা করে, পরিবহনের ব্যবস্থা করে বা আশ্রয় দেয়, তাহলে তার সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। এ ধরনের অপরাধে ব্যবহৃত গাড়ি ও অন্যান্য সম্পদ জব্দ করার পাশাপাশি জড়িতদের পরিচয়ও জনসমক্ষে প্রকাশ করা হতে পারে বলে জানানো হয়েছে।

























