জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাসে গুরুত্ব দিচ্ছে সরকার
- আপডেট সময় ০৯:২০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 17
দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। এ লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় বৃহৎ পরিসরে বায়োগ্যাস কার্যক্রম ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলীর বানাশুয়ায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ঋণের চেক বিতরণ ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বায়োগ্যাসের ব্যবহার বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। জ্বালানি সংকট মোকাবিলায় এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে সরকার অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে আমিনুল হক বলেন, যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তরুণেরা নিজেদের পাশাপাশি পরিবারকেও স্বাবলম্বী করে তুলতে পারবেন। এর মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বনির্ভরতাও বাড়বে।
তিনি আরও বলেন, মাদক, বিভিন্ন ধরনের অপকর্ম ও সামাজিক অবক্ষয় থেকে আগামী প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে তরুণদের জন্য খেলাধুলার উপযোগী মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং যুব উন্নয়ন অধিদফতরের প্রকল্প পরিচালক এ কে এম মহিবুল ইসলাম। এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান শেষে গ্রামীণ উদ্যোক্তাদের মধ্যে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ ও সম্প্রসারণের জন্য ঋণের চেক বিতরণ করা হয়।























