কাতার-তুরস্কের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই
- আপডেট সময় ১২:৪৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 28
উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাতের বিস্তার ঠেকানো এবং সামরিক সহযোগিতা আরও জোরদার করতে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে কাতার ও তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কার্যালয় চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
শুক্রবার রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চুক্তি প্রসঙ্গে এরদোয়ান বলেন, উপসাগরীয় অঞ্চলে যেন নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি না হয়, সে লক্ষ্যে কাতারের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাবে তুরস্ক।
তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে। পাশাপাশি প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে তুরস্কে সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এরদোয়ান। তাঁর রাজনৈতিক দল একে পার্টির সামাজিক যোগাযোগমাধ্যমে দুই নেতার অভ্যর্থনা অনুষ্ঠানের ছবি প্রকাশ করা হয়।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এ চুক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর আঞ্চলিক দেশগুলোর মধ্যে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে।
কাতার ও তুরস্কের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ। কাতারে তুরস্কের সামরিক উপস্থিতিও দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
নতুন চুক্তির ফলে দুই দেশের নিরাপত্তা অংশীদারত্ব আরও জোরদার হওয়ার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে সম্ভাব্য সামরিক সংঘাত প্রতিরোধে যৌথ উদ্যোগ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে চুক্তির আওতায় সামরিক সহায়তার সুনির্দিষ্ট শর্ত, বাস্তবায়ন পদ্ধতি কিংবা কোনো দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ক্ষেত্রে কী ধরনের বাধ্যবাধকতা থাকবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তথ্যসূত্র: আল-জাজিরা























