সড়ক দুর্ঘটনায় সৌদিতে নিহত ৪ বাংলাদেশি
- আপডেট সময় ১২:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 26
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার পথে দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা চার বাংলাদেশিরই মৃত্যু হয়।
স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত চারজনের বাড়িই সিলেটের কানাইঘাট উপজেলায়। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—করিম উদ্দিন ও খালিদ মিয়া। অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হঠাৎ এ দুর্ঘটনায় চার বাংলাদেশির প্রাণহানির খবর ছড়িয়ে পড়লে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী এবং নিহতদের নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতদের পরিচয় শনাক্তসহ মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
























