মজুরি বৃদ্ধির দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ, সংঘর্ষ
- আপডেট সময় ১২:৩৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 23
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (৪ নভেম্বর) সকালে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে হাজিরা দেন। পরে তাঁরা কারখানা থেকে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে শ্রমিকরা একত্রিত হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশের সঙ্গে হেলমেট পরা এবং লাঠি হাতে কয়েকজনকে দেখা যায়।
পুলিশের পদক্ষেপের পর শ্রমিকরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন। সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন তাঁরা। বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় হেমায়েতপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকরা আবারও জড়ো হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড অবরোধ করেন।
বেলা পৌনে ১১টা পর্যন্ত পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। এ সময় হেমায়েতপুর ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
অন্যদিকে, আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা গেছে। আশুলিয়ার হা-মীম ও শারমীন গ্রুপের শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে ওই এলাকার প্রধান মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকন বলেন, বুধবার সকালে আশুলিয়ার কোথাও বিশৃঙ্খলা দেখা যায়নি।
এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাভার ও আশুলিয়ায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা বিভিন্ন সড়কে টহল দিচ্ছেন।
























