ঢাকা-চট্টগ্রাম শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- আপডেট সময় ০৪:০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 17
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুসফিয়াত (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন ও রেললাইন অবরোধ করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ শুরু করেন। এর আগে সকাল ৯টার দিকে সীতাকুণ্ডে বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাইশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তিনি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে ক্লাস শেষে বাড়ি ফেরার জন্য বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় দ্রুতগতির একটি ঢাকামুখী লরি সামনে থাকা স্থানীয় রুটের ৮ নম্বর বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায়। দুর্ঘটনায় তিনজন আহত হন।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্ঘটনায় মাইশা গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব ক্লাস স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাসেম পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রতিবেদন লেখা পর্যন্ত, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন ও রেললাইন অবরোধ করে রেখেছিলেন।






















