সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা
- আপডেট সময় ১১:৪৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 32
দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটারে দাম বেড়েছে ৩ টাকা। তবে খোলা পাম তেলের দাম আগের মতোই রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন মূল্য নির্ধারণ অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা করা হয়েছে। একইভাবে খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮৮ টাকা। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দামও ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের লিটারপ্রতি দাম ১৬৬ টাকায় অপরিবর্তিত রয়েছে।
দাম সমন্বয়ের কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সরবরাহ পরিস্থিতির কথা বিবেচনায় নেওয়া হয়েছে। সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তুলে ধরা হয়। এসব বিষয় পর্যালোচনা শেষে উপস্থিত সবার সম্মতিতে নতুন দাম নির্ধারণ করা হয়।
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর দেশে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের মূল্য বাড়লেও স্থানীয় বাজারে দাম পুনর্নির্ধারণ করা হয়নি। এতে তেল আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে।
ব্যবসায়ীরা আরও জানান, আসন্ন রমজানে বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর এবং আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম বাড়ানো প্রয়োজন।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

























