শিক্ষায় বরাদ্দ খরচ নয়, বিনিয়োগ: মাহদী আমিন
- আপডেট সময় ১২:২৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 27
শিক্ষা খাতে রাষ্ট্রীয় বরাদ্দকে ব্যয় নয়, বরং মানবসম্পদ তৈরির বিনিয়োগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, এই বিনিয়োগের মূল উদ্দেশ্য মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক ও দক্ষ জনশক্তি গড়ে তোলা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবেও বক্তব্য দেন মাহদী আমিন।
শিক্ষার দুটি মৌলিক উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, প্রথমত, সামাজিক ও পারিবারিক মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ এমন সুনাগরিক তৈরি করা, যিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা তৈরি করা, যাতে তারা চাকরি কিংবা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে স্বনির্ভর হতে পারে। সহজভাবে বললে, শিক্ষার মাধ্যমে ভালো মানুষ ও কর্মদক্ষ মানুষ গড়ে তোলাই মূল লক্ষ্য।
মাহদী আমিন বলেন, বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রতিনিধিত্ব করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সরকার গঠনের পরই শুধু নয়, নির্বাচনি প্রচারণার সময়ও শিক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। এমনকি জাতিসংঘেও শিক্ষাবিষয়ক নিজের রূপকল্প উপস্থাপন করেছেন। ১৯৮৮ সাল থেকে তৃণমূল পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে সাধারণ ও খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনে শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ২০১১ সাল থেকে গত দেড় দশক ধরে তিনি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছেন এবং শিক্ষা নিয়ে তাঁর পরিকল্পনা ও নীতিমালা পর্যবেক্ষণ করেছেন। বর্তমানে এসব নীতি বাস্তবায়নে কিছুটা হলেও সহযোগিতা করার সুযোগ পেয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের পরিকল্পনার কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের জন্য মিড-ডে কর্মসূচি চালু এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী বহু বছর ধরে বলে আসছেন।
শিক্ষা খাতের বাজেট বরাদ্দ প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বরাদ্দে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম বছরেই বরাদ্দ প্রায় ২ শতাংশে উন্নীত করা হয়েছে।
বড় বড় ভবন কিংবা অবকাঠামো নির্মাণের তুলনায় মানবসম্পদ উন্নয়নকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে।
শিক্ষাব্যবস্থায় নতুন উদ্যোগ ও সংস্কারের বিষয়ে মাহদী আমিন বলেন, চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও ক্রীড়া এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষা—এই চারটি নতুন বিষয় যুক্ত করা হচ্ছে।
এ ছাড়া উচ্চশিক্ষায় শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানো, পাঠ্যক্রমকে আরও ব্যবহারিক করা এবং মূল্যায়ন পদ্ধতিকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত নয় মাসে প্রধানমন্ত্রীর বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, আগামী দিনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
গণমাধ্যমকে জাতির দর্পণ হিসেবে উল্লেখ করে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা চান মাহদী আমিন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গণমাধ্যম দর্পণের মতো কাজ করে।
শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমে কোনো ভুলত্রুটি থাকলে সাংবাদিকদের কাছ থেকে যৌক্তিক ও বস্তুনিষ্ঠ সমালোচনা প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে সরকারের ভালো উদ্যোগগুলো বাস্তবায়ন ও প্রসারে ইতিবাচক পরামর্শ এবং ভালো কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা দেওয়ার আহ্বান জানান।
দীর্ঘদিন ধরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে কাজ করা সাংবাদিকদের অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম ও অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পর্কে এসব সাংবাদিকের গভীর ধারণা রয়েছে। তাই সরকারের গৃহীত নীতিমালা বাস্তবায়নে তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করার পাশাপাশি ভিন্ন কোনো মতামত থাকলে তা তুলে ধরার আহ্বান জানান তিনি।
ইরাবের সদস্যদের সঙ্গে নিজের ঘনিষ্ঠ পেশাগত সম্পর্কের কথা স্মরণ করে মাহদী আমিন ভবিষ্যতে তাদের সঙ্গে মতবিনিময়ের পরিসর আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সংগঠনটির পাশে থেকে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানান তিনি।
ইরাবের সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এ ছাড়া অনুষ্ঠানে ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, নিজামুল হক ও ফারুক হোসাইন, বর্তমান সাধারণ সম্পাদক সোলাইমান সালমান ও নূর মোহাম্মদসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং দেশের শিক্ষার সার্বিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে ইরাব।
























