ট্রাম্পের শুল্কনীতির বিপরীতে অবাধ বাণিজ্যের ডাক শি’র
- আপডেট সময় ১১:৩৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 12
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা এবং প্রযুক্তি খাতে বিধিনিষেধের মধ্যেই অবাধ বাণিজ্য ও বিনিয়োগের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্মুক্ত বাণিজ্যব্যবস্থা বজায় রাখার পাশাপাশি সংরক্ষণবাদ ও একতরফা বাণিজ্যনীতির বিরোধিতা করেছেন তিনি। বিশ্ব বাণিজ্য ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষায় বহুপক্ষীয় সহযোগিতার ওপরও গুরুত্ব দিয়েছেন শি।
বুধবার (১৮ নভেম্বর) চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
শি জিনপিং বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) কেন্দ্র করে প্রতিষ্ঠিত নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা দৃঢ়ভাবে বজায় রাখতে হবে। অবাধ ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগ নিশ্চিত করার পাশাপাশি বৈশ্বিক শিল্প ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করাও জরুরি।
এমন সময়ে শির এই বক্তব্য এল, যখন চীনের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ব্যবহৃত চিপের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের তৈরি উন্নত চিপ ব্যবহারে চীনের প্রবেশাধিকার সীমিত করার এ উদ্যোগ দুই দেশের মধ্যে চলমান ভঙ্গুর বাণিজ্যিক সমঝোতাকে আরও জটিল করে তুলতে পারে। এর পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বেইজিংও।
পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ভর্তুকি ও বিভিন্ন নীতিগত সুবিধার মাধ্যমে চীনের নিজস্ব উৎপাদন খাতকে শক্তিশালী করা হচ্ছে। এর ফলে দেশটির বার্ষিক বাণিজ্য উদ্বৃত্ত এক লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে। চীনের ক্রমবর্ধমান বাণিজ্যিক আধিপত্য বৈশ্বিক সরবরাহব্যবস্থায় প্রভাব ফেলছে এবং অন্যান্য দেশের শিল্প ও কর্মসংস্থানকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করে ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
অন্যদিকে, বেইজিংয়ের বক্তব্য, বিশ্বের উন্নত অর্থনীতিগুলোর সঙ্গে ব্যবধান কমাতে তাদের বর্তমান প্রবৃদ্ধির মডেল প্রয়োজন। শি জিনপিং বলেন, চীন শিল্প খাতে বিনিয়োগ অব্যাহত রাখবে এবং নতুন প্রযুক্তির উদ্ভাবন ও বিকাশ ঘটাবে। এসব উদ্যোগের সুফল অন্যান্য দেশও পাবে বলে দাবি করেন তিনি। পাশাপাশি শুল্ক কমানো এবং চীনের বাজার আরও উন্মুক্ত করার প্রতিশ্রুতিও দেন।
দ্য এশিয়া গ্রুপের ডিজিটাল প্র্যাকটিস বিভাগের প্রধান জর্জ চেনের মতে, শির বক্তব্য গ্লোবাল সাউথের দেশগুলোর কাছে গ্রহণযোগ্যতা পেতে পারে। একই সঙ্গে প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের নীতির বিপরীতে চীনের অবস্থান তুলে ধরার প্রচেষ্টাও এতে প্রতিফলিত হয়েছে।
এদিকে, এপেক সম্মেলন ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ নেতাদের সম্ভাব্য বৈঠক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইরান ও ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি, বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পারমাণবিক অস্ত্র নিয়ে তাঁদের আলোচনার সম্ভাবনা রয়েছে। বুধবার রাতেই চীনে পৌঁছেছেন পুতিন। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের নেতাদের সঙ্গে বৈঠক শেষে বুধবার ট্রাম্পেরও চীনে পৌঁছানোর কথা।
এই সম্ভাব্য বৈঠককে কেন্দ্র করে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের প্রসঙ্গও আলোচনায় এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতাদের ওই সম্মেলনে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা এবং বিভিন্ন দেশের প্রভাববলয় নির্ধারণের বিষয়টি গুরুত্ব পেয়েছিল।
তবে এবারও বড় শক্তিগুলোর মধ্যে কোনো সমঝোতা হলে ইউরোপ ও এশিয়ার অপেক্ষাকৃত ছোট দেশগুলোর নিরাপত্তার স্বার্থ উপেক্ষিত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। এ উদ্বেগের মধ্যেই মঙ্গলবার তাইওয়ান ও জাপান নিজেদের আকাশসীমায় রুশ সামরিক বিমানের অনুপ্রবেশের অভিযোগ তুলেছে।
























