রাজধানীতে পাঁচ বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ
- আপডেট সময় ১০:৫৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 18
রাজধানী ঢাকায় এক রাতেই পাঁচটি বাসে অগ্নিসংযোগ, অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১টা পর্যন্ত পল্লবী, মহাখালী, বাড্ডা, রামপুরা ও মিরপুর এলাকায় এসব ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে পার্কিং করে রাখা মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটিতে তখন কোনো যাত্রী ছিলেন না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।
রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে যাওয়ার সময় পেছন থেকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হননি।
রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন জানান, যাত্রী সেজে দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
রাত ১১টা ১৫ মিনিটের দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া মিরপুর চিড়িয়াখানা রোডেও একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
বাসে অগ্নিসংযোগের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। রাত ১০টা ২০ মিনিটের দিকে কোতোয়ালী এলাকায় ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
রাত ৮টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভার থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেল দুটি থানাধীন সামাদ সুপার মার্কেটের সামনে বিস্ফোরিত হয়।
মোহাম্মদপুরে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়সহ পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ৮টা ৪০ মিনিটে কৃষি মার্কেট, রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট এবং রাত পৌনে ১০টার দিকে ডিসি কার্যালয়ের সামনে বিস্ফোরণ ঘটে। এ ছাড়া বসিলা এলাকায় র্যাব-২ কার্যালয় ও রেসিডেনশিয়াল মডেল কলেজের পাশেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
রাজধানীর আদাবর থানাধীন শিয়া মসজিদ এলাকায় টপটেন শোরুমের কোণে একটি অবিস্ফোরিত ককটেল দেখতে পেয়ে সেটি ঘিরে রাখে পুলিশ। মহাখালী বাসস্ট্যান্ড ও খিলগাঁও পুলিশ ফাঁড়ি এলাকাতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
রাত সাড়ে ৯টার দিকে বনানীর ১১ নম্বর সড়কে পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে একটি কাচের বোতল, বোতলের মুখে লাগানো স্কচটেপ এবং গেঞ্জির পোড়া অংশ পাওয়া যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে বিভিন্ন এলাকায় ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনাও ককটেল হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় মোট ৩৩টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।























