সুবিধাজনক সময়ে বাংলাদেশের সঙ্গে সংলাপে বসতে চায় ভারত
- আপডেট সময় ০৮:৩৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 27
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। দুই দেশের মধ্যে পরবর্তী কনস্যুলার সংলাপ উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটি। বৈঠকে ভ্রমণসংক্রান্ত সংশোধিত ব্যবস্থার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব আয়োজনের জন্য দুই পক্ষের সুবিধাজনক সময় নির্ধারণ করা হবে। সেখানে ভ্রমণসংক্রান্ত সংশোধিত ব্যবস্থার বিষয়টিও আলোচনায় আসবে।
রণধীর জয়সওয়াল বলেন, বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সুসংগঠিত কাঠামো রয়েছে। এসব বিষয়ে নিয়মিত বৈঠক ও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নেওয়া হচ্ছে।
বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত বলেও জানান তিনি।
এর আগে আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের পঞ্চম কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৈঠকটি স্থগিত করা হয়। চলতি মাসের শেষ দিকে নতুন তারিখ নির্ধারণের প্রস্তাব দিয়েছে ঢাকা। বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, সংলাপটি ঢাকাতেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, সময়সূচির অসামঞ্জস্যের কারণে গত সপ্তাহে কূটনৈতিক পত্র পাঠিয়ে বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় ভারত।
কনস্যুলার সংলাপ সামনে রেখে গত ৩ নভেম্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দুই দেশের আলোচ্যসূচিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করার বিষয়ে মত দেওয়া হয়।
আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল পুশ ইনের অপপ্রয়াস বন্ধ, শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতা।
এদিকে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে দুই দেশের সম্পর্কে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে কনস্যুলার সংলাপ স্থগিত হয়েছে। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমেও একই ধরনের খবর প্রকাশিত হয়েছে।
তবে বৈঠক পেছানোর সঙ্গে শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে পাঠানো অনুরোধের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।
গণমাধ্যমকে তিনি বলেন, শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে অনুরোধ জানানোর সঙ্গে বৈঠক স্থগিতের ‘দূরতম সম্পর্ক’ নেই। ওই বিষয়ে চিঠি আসার আগেই বৈঠক পেছানোর জন্য ভারতকে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছিল।
২০১৭ সালে শুরু হওয়ার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে এ পর্যন্ত চারটি কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ চতুর্থ সংলাপটি ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়।

























