জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার জরুরি: খলিলুর রহমান
- আপডেট সময় ০৭:৪৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 23
পরিবর্তিত বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন সংস্থাটির সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। তিনি মনে করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে যে রাজনৈতিক পরিস্থিতিতে জাতিসংঘের কাঠামো গড়ে উঠেছিল, বর্তমান বিশ্ব তার চেয়ে অনেকটাই আলাদা। অথচ নিরাপত্তা পরিষদের ক্ষমতা ও স্থায়ী সদস্যপদের কাঠামোয় সেই পরিবর্তনের প্রতিফলন ঘটেনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর ফাঁকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের ‘ওয়ান অন ওয়ান’ অনুষ্ঠানে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে নিরাপত্তা পরিষদের সংস্কার, ভেটো ক্ষমতার ব্যবহার, রোহিঙ্গা গণহত্যার বিচার, জাতিসংঘের মাঠপর্যায়ের কার্যক্রম এবং নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন ড. খলিলুর রহমান।
তিনি বলেন, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য ও রাজনৈতিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তন এলেও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের কাঠামো এখনো ১৯৪৫ সালের অবস্থানে রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ‘বিশ্ব পাঁচ দেশের চেয়েও বড়’ বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বর্তমান বাস্তবতার প্রতিফলন থাকা প্রয়োজন।
বিশেষ করে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আফ্রিকা মহাদেশের যথাযথ প্রতিনিধিত্ব না থাকাকে ঐতিহাসিক বৈষম্য হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, আফ্রিকার শান্তি ও নিরাপত্তা নিয়ে পরিষদ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেও সিদ্ধান্ত গ্রহণের টেবিলে মহাদেশটির স্থায়ী প্রতিনিধিত্ব নেই। আফ্রিকাকে সিদ্ধান্ত গ্রহণের অংশীদার করতে হবে, কোনোভাবেই আলোচনার বিষয়বস্তু বা ‘মেনু’ হিসেবে রাখা যাবে না।
নিরাপত্তা পরিষদ সংস্কার নিয়ে অগ্রগতির কথা জানিয়ে সাধারণ পরিষদের সভাপতি বলেন, এ বিষয়ে আন্তঃসরকার আলোচনার সমন্বয়ের জন্য তিনি ইতোমধ্যে কো-চেয়ারম্যান নিয়োগ করেছেন। তবে সংস্কার বাস্তবায়ন সহজ নয়। কারণ নিরাপত্তা পরিষদের স্থায়ী কিংবা অস্থায়ী সদস্যপদের কাঠামোয় পরিবর্তন আনতে হলে জাতিসংঘ সনদ সংশোধন করতে হবে। এ ক্ষেত্রে পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সম্মতি ও প্রয়োজনীয় অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ কারণে রাতারাতি কাঠামোগত পরিবর্তনের পরিবর্তে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার ওপর জোর দেন তিনি। নিজের সভাপতিত্বের মেয়াদে সংস্কার আলোচনা থেকে দৃশ্যমান অগ্রগতি অর্জনই তাঁর লক্ষ্য বলে জানান।
বিশ্বের বিভিন্ন সংঘাত ও মানবিক সংকট মোকাবিলায় নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়েও কথা বলেন ড. খলিলুর রহমান। তিনি জানান, জাতিসংঘ সনদ অনুযায়ী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব নিরাপত্তা পরিষদের। কিন্তু স্থায়ী সদস্যদের পারস্পরিক স্বার্থের সংঘাত এবং ভেটো ক্ষমতার ব্যবহারের কারণে অনেক গুরুত্বপূর্ণ সংকটে পরিষদ কার্যকর সিদ্ধান্ত নিতে পারছে না।
এর ফলে আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধ ও সহিংসতা বন্ধের উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন সংঘাত দীর্ঘস্থায়ী হচ্ছে। সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাব গৃহীত হলেও নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্যের ভেটোর কারণে তা কার্যকর না হওয়ার ঘটনাকে এ অচলাবস্থার অন্যতম উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।
আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং জাতিসংঘের সদস্যপদ বাতিলের ক্ষমতা প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ সনদে সদস্য রাষ্ট্রকে বহিষ্কারের বিধান রয়েছে। তবে ইতিহাসে এ বিধান খুব কমই প্রয়োগ করা হয়েছে। চীনের প্রতিনিধিত্ব পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী চীনকে জাতিসংঘে দেশটির প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘটনাকে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।
আন্তর্জাতিক অপরাধের বিচারিক নিষ্পত্তিতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ভূমিকার কথাও তুলে ধরেন সাধারণ পরিষদের সভাপতি। রোহিঙ্গা গণহত্যার বিচার প্রসঙ্গে জাম্বিয়া বনাম মিয়ানমার মামলার উল্লেখ করে তিনি জানান, এ মামলায় ১৯ নভেম্বর আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণার কথা রয়েছে। তাঁর মতে, আন্তর্জাতিক অপরাধ ও আইন লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রে আইসিজে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নিরাপত্তা পরিষদের রাজনৈতিক অচলাবস্থার কারণে জাতিসংঘের সামগ্রিক কার্যকারিতা নিয়ে তৈরি হওয়া প্রশ্নের জবাবে সংস্থাটির মাঠপর্যায়ের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন ড. খলিলুর রহমান।
তিনি বলেন, নিরাপত্তা পরিষদের রাজনৈতিক সীমাবদ্ধতার ভিত্তিতে জাতিসংঘের সামগ্রিক কার্যক্রমের মূল্যায়ন করা ঠিক হবে না। বিশ্বজুড়ে মানবিক সহায়তা প্রদান, সাধারণ মানুষের জীবন রক্ষা এবং বিভিন্ন সংকটে জরুরি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে সংস্থাটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
জাতিসংঘ বিলুপ্ত করার চিন্তাকে অবাস্তব উল্লেখ করে তিনি বলেন, আজ যদি জাতিসংঘ বিলুপ্ত করা হয়, তাহলে বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার স্বার্থেই আগামীকাল আবার একটি জাতিসংঘ প্রতিষ্ঠার প্রয়োজন দেখা দেবে। জলবায়ু সংকটসহ বৈশ্বিক সমস্যার সমাধানে তরুণ সমাজ ও সাধারণ মানুষের আস্থা এখনো এ আন্তর্জাতিক সংস্থার ওপর রয়েছে।
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ার পরও বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিম কার্যকরভাবে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে গেছে।
এ ক্ষেত্রে স্থানীয় প্রতিষ্ঠান, জাতীয় পর্যায়ের জনবল এবং রোহিঙ্গা শিবিরের তরুণদের সরাসরি সেবা কার্যক্রমে যুক্ত করা হয়েছিল। এর ফলে সীমিত অর্থায়ন সত্ত্বেও শরণার্থীদের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা সম্ভব হয়। কোনো কোনো ক্ষেত্রে সেবার মানও উন্নত হয়েছিল বলে জানান তিনি।























