হাসিনা আর দেশে ফিরবেন না, মন্তব্য চিফ প্রসিকিউটরের
- আপডেট সময় ০১:৫৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 22
শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার ঘটনা এবং দেশে ফেরার বক্তব্যকে ‘ভিত্তিহীন’ ও ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তাঁর দাবি, শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না।
সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, “এগুলো ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্টান্টবাজি। শেখ হাসিনা এখন যা করছেন, তা স্টান্টবাজি। তিনি আর দেশে ফিরবেন না।”
এর আগে ভারতে অবস্থানরত শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেন। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর আগের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় নতুন করে এসব নথি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান তাঁরা।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। সম্প্রতি রয়টার্স ও এপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানান।
























