দুর্গম বার্মাছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ প্রশিক্ষণ দিল সেনাবাহিনী
- আপডেট সময় ০১:৫০:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 18
পার্বত্য এলাকার প্রান্তিক খামারিদের পশু-পাখি পালন ও পরিচর্যায় দক্ষ করে তোলা এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে খাগড়াছড়ির লক্ষীছড়িতে প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (৯ নভেম্বর) গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের উদ্যোগে উপজেলার বার্মাছড়ি আর্মি ক্যাম্পে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন লক্ষীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বার্মাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শফিউল ইসলাম এবং বার্মাছড়ি ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দুর্গম বার্মাছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রান্তিক খামারিরা প্রশিক্ষণে অংশ নেন। এতে গরু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালনের নিয়ম, পশু-পাখির সাধারণ রোগ চিহ্নিত করা ও প্রতিরোধের উপায়, টিকাদান এবং কৃমিনাশক ওষুধ প্রয়োগের পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
পাশাপাশি প্রাণীর জন্য সুষম খাদ্য নিশ্চিত করা এবং অসুস্থ পশু-পাখির প্রাথমিক পরিচর্যা নিয়ে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণও দেওয়া হয়। কর্মসূচি শেষে অংশগ্রহণকারী খামারিদের হাতে প্রয়োজনীয় পশু-পাখির ওষুধ তুলে দেওয়া হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শফিউল ইসলাম বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনার জ্ঞান ও দক্ষতা বাড়বে। এর ফলে গৃহপালিত পশু-পাখির মৃত্যুহার কমানোর পাশাপাশি পারিবারিক আয় বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
লক্ষীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ জানান, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, স্থানীয় জনগোষ্ঠীর স্বাবলম্বিতা বাড়ানো এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।























