ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে যুবক নিহত, গুলিবিদ্ধ ৬
- আপডেট সময় ০১:১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 30
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে জুয়েল মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ছয়জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত জুয়েল মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা এলাকার সেন্টু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মতি মেম্বরের ভাতিজা আমির হোসেন ও মুক্তারের নেতৃত্বাধীন পক্ষের সঙ্গে সেফু সরকার ও আজগর আলী সরকারের পক্ষের লোকজনের বিরোধ চলছিল। এর জেরে রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
একপর্যায়ে উভয় পক্ষ টেঁটা, দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। এতে জুয়েল মিয়া নিহত হন। সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
এ ঘটনায় নরসিংদীর রায়পুরা থানার জাহাঙ্গীর আলমের ছেলে স্বাধীনও গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর শান্তিপুর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন বলেন, এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে সংঘর্ষে জড়িয়েছে।
তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। শান্তিপুর গ্রামের ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আরও ১৫ জন আহত হয়েছেন।
ওসি বলেন, বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


























